মির্জা গোলাম হাফিজ
জেলা প্রতিনিধি গাইবান্ধা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ও ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ইসলামপুর জামে মসজিদ প্রাঙ্গণ শুরু হয়ে শোভাগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। একই সঙ্গে এলাকায় মাদক কারবার ও সেবন বন্ধে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া এবং কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর সততা যুব সংঘের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী মিয়া এবং সংগঠনের উপদেষ্টা আনারুল ইসলাম ও এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।
বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। মাদকাসক্তি ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
