ঢাকাWednesday , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোকটির শেষ কথা ছিল, “ভাই, আমি একটা কথা বলতে চাই।” এরপর আর কিছু শোনা যায়নি। দেশীয় রাজাকাররা তাঁকে হত্যা করে

admin
নভেম্বর ২৫, ২০২৬ ৫:২৩ am
Link Copied!

কাওছার প্রাচুর্য,
স্টাফ রিপোর্টার

বলছিলাম বাগেরহাটের শহীদ ভোলানাথ বসু ও তাঁর পরিবারের দুর্দশার কথা।

ভোলানাথ বসু ছিলেন বাগেরহাটের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী। সবার সঙ্গেই তাঁর ভালো ওঠাবসা ছিল। এলাকার ও শহরের মানুষকে কমবেশি সাহায্য করতেন। দেশভাগের সময় পরিবারের বেশিরভাগ আত্মীয়স্বজন ভারতে চলে গেলেও জন্মভূমির প্রতি ভালোবাসায় তিনি দেশ ছাড়েননি।
১৯৪৭ সালে যাঁরা ভরসা নিয়ে থেকে গিয়েছিলেন, তাঁদের অধিকাংশই ১৯৬৪ সালে খুলনা অঞ্চলে সংঘটিত ভয়াবহ সংখ্যালঘু নিধনের সময় দেশ ছেড়ে পালিয়ে যান।
সেই সময়ের বর্ণনা পাওয়া যায় ভোলানাথ বসুকে নিয়ে লেখা একটি বইয়ে। বইটির লেখিকা স্মৃতিচারণা করতে গিয়ে লিখেছেন, ১৯৬৩ সালে তাঁর বাবা-মা ঘরবাড়ি ও বিষয়-আশয় ফেলে প্রায় এক কাপড়ে ভারতে চলে যান। দেশভাগের পর থেকেই মূলঘর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছিল। যাঁরা থেকে গিয়েছিলেন, তাঁদেরও নানা অসুবিধার সম্মুখীন হতে হতো।
কেউ হয়তো বাড়ি ফেলে দু-চার ঘণ্টার জন্য কোথাও গেছেন, ফিরে এসে দেখেছেন, সেই সময়ের মধ্যেই বিহারি কোনো পরিবার বাড়ির তালা ভেঙে ঢুকে সংসার সাজিয়ে রান্না-খাওয়া শুরু করেছে। এমন ঘটনার শিকার হয়েছিলেন মূলঘর গার্লস স্কুলের শিক্ষিকা সুধা দিদিও। একদিন সকালে ট্রেনে বাগেরহাট এসে দুপুরে বাড়ি ফিরে দেখেন, তালা ভেঙে একটি পরিবার তাঁর বাড়িতে উঠে বসেছে। এরপর আইন-আদালতের দরজায় অনেক ঘুরেও আর নিজের ঘরে ফিরতে পারেননি তিনি। এক কাপড়ে দেশ ছাড়তে বাধ্য হন।
এভাবে একের পর এক মানুষের দেশত্যাগে ফাঁকা হয়ে যাচ্ছিল গ্রাম। অথচ ভোলানাথ বসু এতকিছুর পরও দেশ ছাড়েননি। ঝুঁকি নিয়েও সমাজের ভালো মানুষের ওপর বিশ্বাস রেখে বাগেরহাটেই থেকে গিয়েছিলেন।
অবশেষে এলো ১৯৭১ সালের সেই ১৭ মে। সকালে নিজের ঘরে বসেছিলেন ভোলানাথ বসু। বাইরে থেকে কয়েকজন লোক আসেন। পরিবারের সদস্যরা তাঁর ঘর থেকে শুধু একটি কথাই শুনতে পেয়েছিলেন, “ভাই, আমি একটা কথা বলতে চাই।” এরপরই গুলির শব্দ। কথাটি আর শেষ করতে পারেননি তিনি।
তাঁর মেয়ে সেই সময়ের স্মৃতিচারণা করে লিখেছেন, ১৭ মে দেশীয় রাজাকারদের হাতে বাবার হত্যাকাণ্ড তাঁর ঠাকুমা ও মায়ের জীবন সম্পূর্ণ পাল্টে দেয়। ছেলের শোকে ছয় মাস শয্যাশায়ী থাকার পর ১৪ নভেম্বর মারা যান ঠাকুমা প্রমোদিনী বসু।
স্বামীর মৃত্যুর পর ভোলানাথ বসুর স্ত্রী উমা বসু অবরুদ্ধ সেই সময়ে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে শাশুড়ির যত্ন করেছিলেন। একই সঙ্গে ১১ সন্তানকে নিয়ে কঠিন সময় পার করতে থাকেন তিনি।
ভোলানাথ বসুকে হত্যার পরও রাজাকাররা ক্ষান্ত হয়নি। তাঁকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করেনি। হত্যা করেছিল দেশীয় রাজাকারেরা।
হত্যার কিছু সময় পর তারা আবার আসে। যে নির্দেশে তাঁকে হত্যা করা হয়েছিল, তার মাথা কেটে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। কেন তাঁকে হত্যা করা হয়েছিল, যুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ না করার পরও কেন তাঁর প্রতি এত ক্ষোভ ছিল, তা হয়তো রাজাকারেরাই ভালো জানতো।
তবে তারা ফিরে আসার আগেই প্রতিবেশীদের সহায়তায় ভোলানাথ বসুর মরদেহ মাটিচাপা দিয়ে শেষ অসম্মান থেকে রক্ষা করা হয়।
নিরাপত্তার জন্য তাঁর সন্তানদের অনেকে সে সময় ভারতে চলে যান, আবার অনেকে যুদ্ধের সময় বাংলাদেশেই থেকে যান। বাবা ও আত্মীয়স্বজনহীন পরিবারটিকে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হয়।
অন্যদিকে, সেই সময়ের ভয়াবহতা শুধু ভোলানাথ বসুর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাঁর ছেলে স্মৃতিচারণায় লিখেছেন, কীভাবে চারপাশে নারীদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছিল। একদিন এক রিকশাওয়ালা তাঁকে বলেছিল, “এই মাকে গিয়ে বলিস তোর দিদিকে আমি বিয়ে করবো।” কোনোভাবে তাদের হাত ছাড়িয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। আতঙ্কে কাউকে কিছু বলার সাহস পাননি।
ডা. অরুণ নাগের বাড়িতে রান্না করতেন হরেন কাকা। তাঁর মেয়েকেও নিয়ে গিয়েছিল পাশের এলাকার একজন। রাধাবল্লভ গ্রামের ডাক্তার বলরাম অধিকারীর মেয়ে মঞ্জুরানী অধিকারীকে দিনের বেলা শারীরিক নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এসব ঘটনার কোনো আড়াল ছিল না, কিছুই গোপন ছিল না। রাতের পর রাত আতঙ্কে ছটফট করতেন তিনি।
অবশেষে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলো। শেষ হলো দেশীয় রাজাকারদের সেই আস্ফালন। ভোলানাথ বসুর সন্তানরাও সেদিন স্বাধীনতার আনন্দে শামিল হন।

কিন্তু তাঁর হত্যাকারীর কী হয়েছিল?

১৯৭১ সালের ২১ ডিসেম্বর। ডিসেম্বর মাসের শীতের চেয়েও উমা বসুর দুঃখের তীব্রতা ছিল বেশি। নির্ঘুম রাত কাটত বিছানার বাইরে।
সেদিন সকালে একঝাঁক তরুণ রাইফেল হাতে তাঁদের বাড়ির উঠানে এসে দাঁড়ান। তাঁরা মুক্তিযোদ্ধা। উমা বসুকে সঙ্গে নিয়ে তাঁরা বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তায় পৌঁছান। সেখানে একটি রিকশায় হাত-পা বাধা অবস্থায় একজন লোককে দেখে তিনি চমকে ওঠেন। দ্রুত নিজেকে সামলে নেন। চোখের জলও ধরে রাখেন।

লোকটি ছিলেন তাঁর স্বামীর হত্যাকারী।

একজন মুক্তিযোদ্ধা উমা বসুর হাতে রাইফেল তুলে দিয়ে সবাই সমস্বরে বলে ওঠেন, “মা! আপনি নিজের হাতে একে শাস্তি দ্যান! গুলি করেন এইডার বুকে!”
কিন্তু উমা বসু ধীরস্থিরভাবে রাইফেলটি তাঁদের হাতে ফিরিয়ে দেন। অন্যদিকে চোখ রেখে বলেন, “ওর বিচার করার আমি কে! ঈশ্বর ওর বিচার করবেন। বাবারা, আমি চাইনা, আমার সন্তানদের মতন ওর সন্তানরা পিতৃহারা হোক।”
নিঃশব্দতারও যে অনেক শক্তি আছে, সেদিন যেন তারই পরিচয় দিয়েছিলেন তিনি। শত মানুষের সামনে নিজের স্বামীর হত্যাকারীকে শাস্তি দেওয়ার সুযোগ পেয়েও তিনি তা করেননি। নিজের সন্তানদের মতো অন্য কোনো সন্তান যেন পিতৃহারা না হয়, সেই বিবেচনায় হত্যাকারীকে ক্ষমা করে দেন।
মাথা উঁচু করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাড়ি ফিরে আসেন উমা বসু। স্বামী হত্যাকারীর জীবন রক্ষা করার সেই ঘটনার পর আর কোনো দিন তাঁর নাম বা সেই প্রসঙ্গ মুখে আনেননি তিনি।
তাঁর বিশ্বাস ছিল, হয়তো প্রচলিত আইনে হত্যাকারীর বিচার হবে। কিন্তু তা হয়নি। পরবর্তীতে সেই গ্রামে আর ওই লোককেও দেখা যায়নি।

কার্টেসি: গিরিধর দে/
ইতিহাসের খোঁজে গিরিধর। কাওছার প্রাচুর্য,
জামালপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।