পলাশ পাল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি।
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রির দায়ে তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলার গোপালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না এবং বিক্রিত শিশুখাদ্য ও সংশ্লিষ্ট পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, শিশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুখাদ্য বিক্রিতে প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি জরুরি। কারণ, এসব পণ্যের মান ও নিরাপত্তার সঙ্গে শিশুদের স্বাস্থ্য সরাসরি জড়িত।
