কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়ায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং সদস্য সচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল সহ ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান উদয় সহ মোট পাঁচজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
মাদক মামলার মতো একটি স্পর্শকাতর অপরাধে দলীয় নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
