মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর এবার নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এ গণমাধ্যম গড়ে তুলতে চান তিনি।
পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীকে নিয়ে একটি সংগঠন করার পরিকল্পনাও জানিয়েছেন ইশরাক। এ সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা বিনিময় করে কাজ করবে বলেও জানান এ সংসদ সদস্য।
বুধবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব পরিকল্পনার কথা তিনি।
ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ব, ইনশাআল্লাহ।’
প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে, যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’
এ সংসদ সদস্য লেখেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব।’
নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ঢাকা-৬ এলাকার বাসিন্দাদের নিয়ে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে।’
ইশরাক বলেন, ‘ঘনবসতিপূর্ণ এ এলাকায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা ছাড়া কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’
এর আগে শনিবার ১৭ অক্টোবর বিকেলে ইশরাক হোসেন তার আসনের গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন। সেই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালে ইশরাকের এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়। পরদিন রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন।
