কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকায় একটি দোকান জবরদখলের চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা সাপেক্ষে বাদীর নাম গোপন করা হইল কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩১ বছর পূর্বে বাদীর ভাসুর অজিত কুমার তালুকদার চরপাড়া প্রাইমারী স্কুল রোড এলাকার মো. আলিউল হকের (৪৫) নিকট থেকে একটি জায়গা ভাড়ায় (স্থায়ী পজিশন) নিয়ে দোকান ব্যবসা শুরু করেন। দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালিত হয়ে আসলেও বর্তমানে বাদীর স্বামী বিজয় কুমার তালুকদার ওই দোকানটি পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত মো. আলিউল হক ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি ওই পজিশনটি জোরপূর্বক বাতিল ও দোকান দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তালা ভেঙে দোকান দখলের চেষ্টা ও হুমকি
গত ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে গিয়ে দেখেন, মূল শিকের পাশাপাশি অন্য একটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাদের পরামর্শে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।
এর কিছুক্ষণ পর সকাল সোয়া সাতটার দিকে অভিযুক্তরা এসে তালা ভাঙার জেরে তীব্র ঝগড়া-বিবাদ সৃষ্টি করেন এবং পুনরায়ঃ দোকানটি তালাবদ্ধ করে রাখেন। একপর্যায়ে অভিযুক্তরা চরম ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পজিশন বাতিলসহ বসতবাড়ি দখলের হুমকি দেন।
নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার
অভিযোগপত্রে বাদী উল্লেখ করেছেন, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ও ভয়ংকর প্রকৃতির লোক। তারা এলাকার কোনো বিচার-সালিশ বা নিয়মনীতির তোয়াক্কা করেন না। তারা যেকোনো সময় বাদী ও তার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারেন বলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার পর আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করায় এবং আইনি পরামর্শ নিতে কিছুটা সময়ক্ষেপণ হওয়ায় থানায় আসতে দেরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
