কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের সরিষাবাড়ীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে এক গৃহবধূর
মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা তাঁর সাইড ব্যাগ ধরে টান দিলে ভারসাম্য হারিয়ে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত গৃহবধূ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে এবং সাকের আলীর স্ত্রী।স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, ছেলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় রওনা হন ওই গৃহবধূ। পথে গোপালপুরের নলিন বাজার এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা সাইড ব্যাগ ধরে হঠাৎ হ্যাঁচকা টান দেয়। এ সময় ছিনতাইকারীদের টানে ভারসাম্য হারিয়ে চলন্ত সিএনজি থেকে পাকা সড়কে ছিটকে পড়েন তিনি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকেন।ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।এদিকে চলন্ত যানবাহনে থাকা যাত্রীদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার মতো অপরাধের কারণে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা সড়কপথে ছিনতাইকারী চক্রের তৎপরতা বন্ধে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
