রাশেদ মাহমুদ (জসিম)
সম্পাদক ময়মনসিংহ নিউজ বিডি
রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে সিয়াম নামে এক উদীয়মান কাস্টিং ডিরেক্টর ও মডেলের লাশ উদ্ধারের পর ঘটনার ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি আত্মহত্যা, অসাবধানতাবশত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। তবে নিহত সিয়ামের পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর শুটিং ও কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সিয়াম। তিনি আড়ং, রিয়েলমি মোবাইল ফোন, ইনডেক্স গ্রুপের নতুন ব্র্যান্ড ‘DUMO’-সহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ফটোশুটের কাস্টিং ডিরেক্টর এবং মডেল হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন খ্যাতনামা ম্যাগাজিনেও তার কাজ ও নাম স্থান পেয়েছিল। বাসা দূরে হওয়ায় কাজের সুবিধার জন্য তিনি উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘ হোটেলে’ অ্যাম্বাসেডর আরও তিনজন সহকর্মীর সাথে অবস্থান করছিলেন। ৭ই নভেম্বর তার বাসায় ফেরার কথা ছিল।
হত্যাকাণ্ডের সন্দেহে যেসব প্রশ্ন ও অসংগতি:
১. ঘটনার সময় ও তথ্য গোপন:
ঘটনার দিন ৭ই নভেম্বর সন্ধ্যার দিকে এক নারী মডেলকে উক্ত ইনডেক্স গ্রুপের সিইও (CEO) জানান যে সিয়াম আর বেঁচে নেই। অথচ রাত আনুমানিক ৯টার দিকেও সিয়ামের পরিবারকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। উক্ত প্রতিষ্ঠানের মালিক বা কর্মকর্তারা সিয়ামের মৃত্যুর খবর পরিবারকে না জানিয়ে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
২. যোগাযোগে রহস্য:
পরবর্তীতে অন্য এক সহকর্মী ভিন্ন মাধ্যমে পরিবার ও স্বজনদের ফোন নম্বর সংগ্রহ করে সিয়ামের মৃত্যুর সংবাদ জানান। খবর পেয়ে পরিবার ও পুলিশ তৎপর হয়।
৩. বয়ানের বৈপরীত্য:
সিয়ামের সাথে থাকা সহকর্মীরা তাকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ জানতে চায়। এ সময় সঙ্গীরা দাবি করে, ‘ছবি বা সেলফি তুলতে গিয়ে পাঁচতলার জানালা থেকে নিচে পড়ে গেছে সিয়াম।’ তবে জানালা থেকে পড়ে যাওয়ার ঘটনাকে পরিবারের সদস্যরা সাজানো নাটক ও অসংগতিপূর্ণ গল্প বলে দাবি করছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সিয়ামের সাথে হোটেলে থাকা দুজন নারী ও একজন পুরুষ সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পরিবারের দাবি:
সিয়ামের স্বজনদের মতে, “এটি কোনো আত্মহত্যা বা দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে না। ঘটনার শুরু থেকেই হোটেল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকপক্ষ সত্য আড়াল করার চেষ্টা করেছে। আমাদের না জানিয়ে সময়ক্ষেপণ করা এবং পরবর্তীতে সেলফি তোলার নাটক সাজানো প্রমাণ করে যে সিয়ামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
ঘটনায় মুক্তাগাছা থানা ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
