কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরে কাঠের গুঁড়া, তুষ ও নিম্নমানের রং মিশিয়ে তৈরি করা বিপুল পরিমাণ ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।
অভিযানে মরিচের গুঁড়ায় কাঠের গুঁড়া, তুষ ও নিম্নমানের রং এবং ধনিয়ার গুঁড়ায় ধনিয়া গাছের অংশসহ বিভিন্ন ভেজাল উপাদান মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় ১০ মণ ভেজাল মরিচের গুঁড়া, ৪ মণ ধনিয়ার গুঁড়া ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া ব্রহ্মপুত্র নদে ফেলে বিনষ্ট করা হয়।
