মোঃ ফারুক মিয়া
বিশেষ প্রতিনিধি।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার মো. রিয়াদ (৩০) এবং মাঝিপাড়া এলাকার মো. এনাতুল হকের (৩২) কাছ থেকে পৃথকভাবে ৭ ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকার মৃত সুলাইমানের ছেলে মো. জহুরুল ইসলাম জুয়েলের (২৯) কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। চেংটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(ঘ) ধারার অপরাধে ৩৬(১) ধারার সারণি-১৭ অনুযায়ী তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
