কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
টাঙ্গাইলের মির্জাপুরে বাউল গান শোনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র রবিউল হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে মোঃ রবিউল হোসেন (১৯)। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া রাজিব চাঁনের বাড়ির বার্ষিক ওরস মাহফিলে বাউল গানের আয়োজন করা হয়। রাত ৮টার দিকে বন্ধুদের সাথে বাউল গান শুনতে যায় রবিউল। এরপর গান শোনার এক পর্যায়ে গেড়ামারা গোহাইলবাড়ী এলাকার কয়েকজন তরুণদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং কথা কাটাকাটি হয়। তারপর থেকেই রবিউল নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া পায়নি। শনিবার দুপুরে আড়াইপাড়া গভীর নলকূপ এলাকার পাশে পুকুরে কলেজছাত্রের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা রেজাউল করিম অভিযোগ করে বলেন, ভাতিজা রবিউলের বন্ধুদের মাধ্যমে শুনেছি বাউল গান শুনতে গিয়ে গেড়ামারা-গোহাইলবাড়ী এলাকার কয়েকজন তরুণদের সঙ্গে ঝগড়া হয়। তারাই হয়তো হত্যা করে পুকুরে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি। পরিবারের পক্ষ থেকে ওই তরুণদের বিরুদ্ধে মামলা করা হবে।
মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ লোকমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
