কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে হাটচন্দ্রা মিয়াবাড়ি বাজার। এই বাজার থেকে পশ্চিম দিকে আরও ৫০০ মিটার এগোলে ঝিনাই নদ। নামে নদ হলেও দেখতে অনেকটা সরু খালের মতো। নদের পূর্ব পারে জনবসতি আছে। পশ্চিম পারে শুধু ফসলি জমি। সেখানে সড়ক তো দূরের কথা, আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে কোনো জনবসতিও নেই। এই রকম একটি এলাকায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি সেতু। অথচ আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে নেই কোনো জনবসতি, নেই সংযোগ সড়কও। জানা যায়, নকশী পল্লী গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল সেতু দুটি নির্মাণ। তবে সেতু দুটি এখন স্থানীয়দের যাতায়াতের কোনো কাজেই আসছে না। ফলে সেতু নির্মাণে সরকারি বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সুত্রে জানা যায়, সেতু দুটি যানবাহন চলাচলের জন্য ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি উন্মুক্ত করে দেয়, তবে সংযোগ সড়ক না থাকায় সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। বর্তমানে স্থানীয় কৃষকরা ধান, খড় ও মরিচ শুকানোর কাজে সেতুগুলো ব্যবহার করছেন। আর ঝিনাই নদের পশ্চিম পারে নিজেদের ফসলি জমিতে যাতায়াতের জন্য ব্যবহার করছেন সেতু দুটি।
স্থানীয় কৃষক আবেদ আলী জানান, সেতুর পূর্ব পাশে জামালপুর সদর পৌরসভার হাটচন্দ্রা এলাকা এবং পশ্চিম পাশে মেলান্দহ উপজেলার চরপলিশা ও মধ্যেরচর এলাকা। তবে সেতু দুটির সঙ্গে এসব এলাকার সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষের যাতায়াতে এগুলো কোনো কাজে আসছে না।
আবেদ আলীর মতো কৃষক মনি মিয়া জানান,পশ্চিম পাশে রয়েছে মূলত ফসলি জমি।যাতে ধান,মরিচ,আলূ রোপন করা হয়। ফলে সেতু দুটি নির্মাণের পরও এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি।
স্থানীয় কলেজের ছাত্র আলফাজ আলী জানান , ওই এলাকায় নকশী পল্লী গড়ে তোলার পরিকল্পনার কথা প্রচারিত ছিল। সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত করেই সেতু দুটি নির্মাণ করা হয়। তবে পরে জামালপুর পৌর এলাকার কম্পপুরে নকশী পল্লী গড়ে তোলার প্রস্তাব করা হয়। এরপর সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এগুলো কার্যত বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে।
ভাবকী এলাকার রহমত আলী বলেন, ঐ সময়ে ভাবকীতেও আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে, সেটিরও সংযোগ সড়ক নেই। ফলে সেতু দুটি সাধারণ মানুষের কোনো কাজে আসছে না।
মূলত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় সেতু দুটি। ২০২১ সালের নভেম্বরে শুরু হয় নির্মাণকাজ। এর মধ্যে ৯৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। আর এর প্রায় দেড় কিলোমিটার দূরে ৫০ মিটার দীর্ঘ অপর সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ১১ হাজার ১০৭ টাকা। সব মিলিয়ে সেতু দুটিতে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৩৫ লাখ টাকা।
এ বিষয়ে এলজিইডির জামালপুরের নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, ঐখানে নকশী পল্লী বা এ ধরনের কিছু করার পরিকল্পনা ছিল। সেতু হয়েছে, তাই জনগণের চলাচলের জন্য কীভাবে সংযোগ সড়ক নির্মাণ করা যায়, সেই বিষয়ে উদ্ধতন অফিসারদের জানানো হয়েছে। বরাদ্ধ পেলেই সংযোগবিহীন সেতুর রাস্তা করা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে এগুলোকে মানুষের যাতায়াতের উপযোগী করা হোক।
