মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)
স্টাফ রিপোর্টার।
২৫ মামলার আসামি তৌহিদের বিরুদ্ধে ৪০-৫০ জনের ডাকাত বাহিনী পরিচালনার অভিযোগ, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার
কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের কথিত সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাত (৩৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, স্বর্ণ অলংকার ও তিনটি বিদেশি ইমিটেশনের চেইনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে। পরে আলমারি ভেঙে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, তিনটি ইমিটেশনের চেইনসহ একটি ইয়ামাহা মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পারভেজ মোশাররফের দায়ের করা মামলায় তৌহিদসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।
একই দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। এ সময় আলী আকবরের বাড়িতে প্রবেশ করে অস্ত্র ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করা হয়। ডাকাতেরা তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায়ও চকরিয়া থানায় ডাকাতি মামলা হয়েছে।
গিয়াস হত্যা মামলার প্রধান আসামিঃ
পুলিশের তথ্যমতে, তৌহিদ ডাকাতের সঙ্গে গিয়াস উদ্দিনের পূর্ববিরোধ ছিল। এর জেরে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে মাতামুহুরী সেতুর ওপর থেকে গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেল থেকে ফেলে মারধরের পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ মাতামুহুরী সেতুর ওপর ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় তৌহিদ এজাহারনামীয় ১ নম্বর আসামি।
৪০-৫০ জনের ডাকাত বাহিনী পরিচালনার অভিযোগঃ
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে। চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পেয়েছে পুলিশ। এসব সম্পদের প্রকৃত মালিকানা ও অর্থের উৎস অনুসন্ধান করা হচ্ছে।
পুলিশের দাবি, তৌহিদের স্ত্রী রুমা আক্তার ও ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর অপরাধী চক্রের সঙ্গে আরও কয়েকজন সহযোগীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অপরাধলব্ধ অর্থে গড়ে তোলা সম্পদ এবং সহযোগীদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
পুলিশের বক্তব্যঃ
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সর্দার ও গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি তৌহিদকে গ্রেপ্তার করা পুলিশের একটি উল্লেখযোগ্য সাফল্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টিরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে অপরাধী চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
