কাওছার প্রাচুর্য,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা মহানগরী ও বাগেরহাটের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা একটি মুঠোফোন ও বোমা নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের মূলঘর এলাকার মেহেদী হাসান রাসেল (২৬)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ডিবি পুলিশ। পরে খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং মেহেদী হাসান রাসেলের কাছ থেকে বোমা নিক্ষেপে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
