কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকায় মোছাঃ জেসমিন আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এক সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী বুলবুল আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন জেসমিন। পাশের কক্ষ থেকে তার স্বামী ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিক সোহেল রানা জানান, গত ২৮ অক্টোবর মোঃ বুলবুল আহমেদ, পিতা: শাহজাহান আলী, গ্রাম: মুলবাড়ি, থানা: সরিষাবাড়ী) তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাড়িতে ভাড়া ওঠেন। তারা স্বাভাবিকভাবেই বসবাস করছিলেন। রাতে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তিনি সদর থানায় বিষয়টি জানান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিহতের স্বামী বুলবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
