স্টাফ রিপোর্টার
মোঃ ইউনুস আলী
গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মোঃ আশিকুর রহমান ইমন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় জেলা পরিষদ মোড়ের সামনে ২ নম্বর রেলগেট সংলগ্ন ‘রাইট ট্র্যাক অনলাইন’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিকুর রহমান ইমন ওই এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সজীবের নামে জাফর ও গাইবান্ধার আশিকুরের মাধ্যমে পোস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সদর ফাঁড়ির পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
পুলিশের দাবি, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানে থাকা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হার্ডডিস্ক খুলে ফেলার চেষ্টা করেন আশিকুর। পরে পুলিশ হার্ডডিস্কটি পুনরায় সংযুক্ত করে কম্পিউটারের বিভিন্ন ফাইল পরীক্ষা করে। এ সময় যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা বিভিন্ন লিফলেট, আগামী ডিসেম্বর ২০২৬ সালে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনসংক্রান্ত প্রচারপত্র এবং শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তৈরি লিফলেট পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যক্রম পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে গোপনে প্রচারণার উদ্দেশ্যে এসব লিফলেট তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তৈরি করা প্রচারপত্র ই-মেইলের মাধ্যমে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও রংপুর বিভাগীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানোর তথ্যও পাওয়া গেছে বলে পুলিশের দাবি।
এ ঘটনায় আশিকুর রহমান ইমনের বিরুদ্ধে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক)(ঘ), ২৩(২) ও ২৭ ধারায় দায়ের করা এ মামলার নম্বর ২২।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
