কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ নভেম্বর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এ অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) মোঃ এহসানুল হকের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানে অংশ নেয়।
এ ঘটনায় গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
