সিরাজুল ইসলাম রনি,
ব্যুরো প্রধান রাজশাহী।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫। এসব অভিযানে অস্ত্র ও মাদক কারবারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
র্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর দিবাগত রাতে র্যাব-৫-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীনগর হাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা এবং একটি গুরুতর জখমের মামলা রয়েছে। অপরদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
অন্যদিকে একই রাতে র্যাব-৫-এর আরেকটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। র্যাবের তথ্য অনুযায়ী, ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
র্যাব-৫ জানায়, গত ছয় মাসে তাদের অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল, প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-৫।
র্যাব জানায়, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।
