মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রধান অভিযুক্ত ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, সাতটি ব্যাংকের কার্ড, তিনটি চেকবই ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন। এজাহার অনুযায়ী, বদলগাছী থানার আক্কেলপুর মধ্যেপাড়ার মো. শহিদুল ইসলাম (রিপন) (৩৭) ওই শাখার হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। ২০১৫ সালে তাঁর চলতি হিসাবের বিপরীতে ১ লাখ টাকা সীমার ‘খিদমাহ’ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসির এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাবসহ বিভিন্ন ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করা হয়। শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম পাঠানো হতো। পরে তা বাড়িয়ে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়, যা অনুমোদিত সীমার অনেক বেশি। ২০২৫ সালের জুন থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
মামলা রুজুর পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম একটি বিশেষ দল গঠন করেন। এর নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এবং ডিবির অফিসির ইনচার্জ মো. হাসিবুর রহমান টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালান। অভিযানে গ্রেপ্তার হন ১. মো. শহিদুল ইসলাম (রিপন) (৩৭)২. মালিহা তাবাচ্ছুম নিশি (২৮) ।
গ্রেফতারকৃতদের বগুড়ার বাসার শয়নকক্ষে কাঠের আলমারির ভেতরে ব্যাগ থেকে সাক্ষীদের উপস্থিতিতে নিচের জিনিসগুলো উদ্ধার করা হয় আত্মসাৎকৃত নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের ৩টি চেকবই, অপরাধে ব্যবহৃত ২টি স্মার্টফোন
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানান, প্রতারণার মাধ্যমে তোলা টাকায় বগুড়ায় দেড় কোটি টাকার জমি কিনেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছিলেন। এ ঘটনায় অন্য কেউ বা ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
