মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ অভিযান শুরু করে। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল বিকেল ৪টা ৪৫ মিনিটে ২নং তেতুলিয়া ইউনিয়নের পোরশা (বাঁশবাড়ী) গ্রামের দাদা মসজিদের পেছনের কাঁচা রাস্তায় মোটরসাইকেলে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী কে মাদকসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম পোরশা থানার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। তার পরনের লুঙ্গির ডান কোঁচড় থেকে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩৩ হাজার টাকা। সাক্ষীদের উপস্থিতিতে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই ৪টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন একটি নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
