মোঃ সোহাগ খন্দকার,
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে এ্যালকোহল ও বাংলা মদ উদ্ধার করা হয়। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় একই রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল এলাকা থেকে চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কাশিমপুর চারাপাড়া গ্রামের ইয়াদুল সরদারের ছেলে রাসেল সরদার (১৯), বাহাদুরপুর গ্রামের দুলাল সরদারের ছেলে সবুজ সরদার (২৪), একই গ্রামের মীর হোসেনের ছেলে আহম্মদ আলী (৩১) এবং এনায়েতপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২৪), আটককালে তাদের কাছ থেকে তিন লিটার এ্যালকোহল উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে উপজেলার জালালাবাদ গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রাজ প্রামানিকের ছেলে আব্দুর রহমান প্রামানিক (৬৩)-কে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে চার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ আরও জানান, এ ঘটনায় সোমবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
