মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি:
পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় তিনজন খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে স্থানীয় লোকজন মোবাইল ফোনে থানা পুলিশকে জানান, বড়গ্রাম মোড় থেকে গড়াকান্দর অভিমুখী পাকা সড়কে বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রি করছেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশ নিজ হেফাজতে নেয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তারা নিজ হাতে পরিহিত লুঙ্গির কোঁচড় থেকে মাদকের ট্যাবলেট বের করে দেন। জব্দ করা ৩২ পিস ট্যাপেন্টাডল (১০০ মি.গ্রা.) ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১. মো. ইউসুফ আলী (৩৮) ২. মো. ইমরান নাজিম (২৩) ৩. মো. ফারুক হোসেন (২৬)
আসামিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
