নিজস্ব প্রতিবেদন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬১ বিজিবি) এর বিশেষ অভিযানে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১টি গরু এবং ১টি ইঞ্জিনচালিত নসিমন গাড়ি জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে ৬১ বিজিবির একটি বিশেষ দল পাটগ্রাম সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্তসংলগ্ন এলাকা থেকে চোরাকারবারিরা ভারতীয় গরু এনে নসিমন গাড়িতে লোড করার প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় গরু ও ১টি নসিমন গাড়িটি জব্দ করেন।
এ বিষয়ে স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত গরু ও নসিমন গাড়িটির কাস্টমস আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
