কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
মাদারগঞ্জ উপজেলায় একটি মাহিন্দ্র ট্রাক্টর চুরির পর পলায়নকালে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে সেই চোরাই মোটরসাইকেল মাত্র ২০ টাকায় বিক্রির চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তামিম (১৭) নামের এক কিশোরকে আটক করে পুলিশ।
আটককৃত তামিম মাদারগঞ্জ উপজেলার আটাত্তর চর এলাকার সুজন মিয়ার ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, গতকাল ভোরে মিলনবাজার এলাকা থেকে বডিসহ সোনালিকা ব্রান্ডের একটি মাহিন্দ্র ট্রাক্টর চুরি করে নিয়ে পালিয়ে যায় তামিম। পরবর্তীতে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে মাহিন্দ্রটির তেল ফুরিয়ে যায়। নিরুপায় হয়ে পথিমধ্যে কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চরের বাসিন্দা লিটন ব্যাপারীর সাথে তার দেখা হয়।
লিটন ব্যাপারীর মোটরসাইকেলের পেছনে চড়ে তামিম তার ভায়রার বাড়ি পর্যন্ত যায়। সেখানে পৌঁছানোর পর তামিম অনুরোধ করে তাকে যেন একটি মোটরসাইকেল দিয়ে বটতলা বাজারে নামিয়ে দেওয়া হয়। মানবিক কারণে লিটন ব্যাপারী তার ছোট ভাতিজাকে মোটরসাইকেলটি দিয়ে তামিমকে বটতলা নামিয়ে দিয়ে আসতে বলেন।
কিন্তু পথিমধ্যে সুযোগ বুঝে তামিম লিটনের ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। কাঁদতে কাঁদতে ভাতিজা বিষয়টি লিটন ব্যাপারীকে জানালে তিনি দ্রুত বারইপাড়া চৌরাস্তা মোড়ে রেখে যাওয়া মাহিন্দ্রটির কাছে যান। সেখানে গিয়ে তিনি দেখেন মাহিন্দ্রটি বডিবিহীন অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে খবর পেয়ে মাহিন্দ্র ট্রাক্টরের মালিক ঘটনাস্থলে পৌঁছে বডিবিহীন গাড়িটি উদ্ধার করে মিলনবাজার নিয়ে আসেন।
এদিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে তামিম ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চরের নদীর ধারের বেড়িবাঁধ এলাকায় চলে যায়। আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ওই মোটরসাইকেলটি এক স্থানীয় ব্যক্তির কাছে মাত্র ২০ টাকায় বিক্রির চেষ্টা করলে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। স্থানীয়রা তাকে আটক করে ইসলামপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তামিমকে আটক করে এবং পরবর্তীতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে আটক কিশোর তামিম মাদারগঞ্জ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
